Site icon Dhakar Barta

কলাবাড়িতে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের মাদক বিরোধী অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার –

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল উপজেলার কলাবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে স্বপন আলী ও তাঁর স্ত্রী মুন্নী খাতুনকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, কলাবাড়ি গ্রামের উত্তরপাড়ার তাহাজ্জত মোল্লার ছেলে স্বপন ও তার স্ত্রী মুন্নী দীর্ঘদিন ধরে এলাকায় মরণঘাতী মাদকের কারবার চালিয়ে আসছিল বলে অভিযোগ ছিলো। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের আইসি আক্তার হোসেন ও টু আইসি ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম স্বপনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে স্বপন আলীর নিজ বাড়ি থেকে ৮ পিস ইয়াবাসহ এই দম্পতিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওই বাড়িতে মাদকের একটি বড় ধরনের চালান মজুত থাকার তথ্য ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর মাদক ব্যবসায়ীরা হয়তো সেই চালানটি দ্রুত সরিয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ধারাবাহিক এ ধরনের অভিযানে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে। এলাকাবাসী বলছেন, দলিয়ারপুর ক্যাম্পের সদস্যরা যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাতে মাদক কারবারিরা এখন কোণঠাসা হয়ে পড়েছে। নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে দ্রুতই এই জনপদ মাদকমুক্ত হবে বলে তারা আশা প্রকাশ করেন।কলাবাড়ি গ্রামের যুবদল নেতা আশিকুর রহমান বলেন, স্থানীয় প্রশাসন যদি এভাবে কঠোর ভূমিকা পালন করে তবে অবশ্যই সেই এলাকা মাদকমুক্ত করা সম্ভব।এ বিষয়ে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন জানান, গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। সে ছোট ব্যবসায়ী হোক বা বড় সিন্ডিকেট, কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।”

Exit mobile version